বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ এএম

খুলনায় কেএমপির অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে দিন দুপুরে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় লবণচরার দশগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম রফিক গাজী (৪৫)। তিনি দক্ষিণ লবণচরা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রফিক গাজী নামে এক বিএনপি নেতাকে শুক্রবার দুপুর ১২টায় দশগেট এলাকায় গুলি করে হত্যা করা হয়। ওই সময় এলাকা জনমানব শূন্য ছিল। এই ঘটনার তদন্ত এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার পর তাকে খুঁজতে বের হন রফিক। ছেলেকে না পেয়ে বাড়ির কাছাকাছি একটি দোকানে বসেছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার তলপেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (সিটিএসবি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত