কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইউনুছ (৪৫) এবং টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. সালামত উল্লাহ (২৬)।
বিজিবি জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্য ও নারকোটিক্স ডগ ‘হেক্টর’-এর সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে গাড়িচালক মো. ইউনুছ ও ইয়াবা পাচারকারী মো. সালামত উল্লাহকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, বাংলাদেশি নগদ অর্থ এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টানা ৪০ দিন নামাজের পুরস্কার নতুন বাইসাইকেল