জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নজু মণ্ডল (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নজরুল ইসলাম নজু মণ্ডল উপজেলার ফাজিলপুর হাজীবাড়ি এলাকার মরহুম আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ফাজিলপুর বালিকা মাদ্রাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম নজু মণ্ডল সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহেল বলেন, ‘আজ বিকেলে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চবি ছাত্রদল সেক্রেটারি নোমানকে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী