জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শেরপুর জেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের খোদেজা বেগম (৪০) ও জামালপুর মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের মোছা. বুলবুলি (৫৮)।
প্রেস ব্রিফিংয়ে জামালপুর সদর থানার পুলিশ জানায়, গোপন খবর পেয়ে শনিবার ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেপ্তার খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে মোছা.বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা. বুলবুলি ওই গাঁজা কেনার উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিল বলে স্বীকার করেন।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্রেপ্তার আসামি খোদেজা বেগম একজন পেশাদার মাদক কারবারি। তার নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।