তিন জেলায় পৃথক ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে ৩ বছরবয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা-পুলিশ এবং ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় শুক্রবার রাতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলার এজাহারে জানাগেছে, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদ মিয়াসহ কয়েকজন তার মুখ চেপে ধরে সন্তানদের ক্ষতির ভয় দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সিরাব এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রানা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। সে সম্পর্কে ওই শিশুটির খালু হয়। গত শুক্রবার রাতে ঈশ্বরদীর শহরের বকুলের মোড় এলাকা থেকে ধর্ষণের অভিযোগ রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী ওই শিশুটির মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় রানার বিরুদ্ধে তার কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিশুটির মা তার বোনের কাছে রেখে ঈশ্বরদী ইপিজেড-এ চাকরিতে যান। শিশুটির খালা দুপুরে শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে গোসল করতে গেলে অভিযুক্ত রানা তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে শিশুর খালা ঘরে এসে শিশুটিকে অসুস্থ দেখতে পায়। পরে শিশুটির মা চাকরি থেকে ফিরে এসে এ ঘটনা জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণে চেষ্টার অভিযোগে মীর ফারুক নামের এক রিকসা চালক গণপিটুনির শিকার হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চ-িপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনে সাবলেট হিসেবে পরিবার নিয়ে বসবাস করত ফারুক হোসেন। কালীগঞ্জ শহরে রিকশা চালিয়ে সংসার চালায়। শুক্রবার রাতে তাদের সঙ্গে সাবলেট হিসেবে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে ফারুক হোসেন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ওসি জেলাল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা করেছে।