‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই সেøাগান নিয়ে আজ রবিবার শুরু হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে তিন দিনের এই উৎসবে সারা দেশ থেকে ২৫০ জন প্রতিযোগী ও উদ্ভাবক অংশ নিচ্ছে। এতে তরুণ বিজ্ঞানীদের প্রকল্প উপস্থাপিত হবে। পাশাপাশি দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর দেশব্যাপী চারটি ধাপে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম ধাপে দেশের সব উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ করা হয়। উপজেলা পর্যায়ের বিজয়ীরা দ্বিতীয় ধাপে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলা পর্যায় থেকে বিজয়ীদের নিয়ে তৃতীয় ধাপে হয় বিভাগীয় পর্যায়ের আয়োজন। বিভাগীয় পর্যায় থেকে বিজয়ী এবং সেরা প্রকল্পগুলো নিয়ে চতুর্থ ধাপে হয় জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
আজ সকাল ১০টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার উদ্বোধন করবেন। ১৬ জুন সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এদিন পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে জাতীয় পর্যায়ের এ আয়োজন। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি