দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দূর থেকে নজরদারি, কর্মচারীদের সঙ্গে যোগাযোগ এবং সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার সুবিধা নিয়ে তৈরি হয়েছে ‘সাউ স্মার্ট সিকিউরিটি ডিভাইস’। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ফিশিং অ্যান্ড পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ডিভাইসটি উদ্ভাবন করেছেন। সার্বিক সহযোগিতা প্রদান করেছে ‘শেকৃবি ইনোভেশন ল্যাব’। ইন্টারনেট অব থিংস (আইওটি), সৌরশক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ে তৈরি এ ডিভাইসটি প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থাপনায় স্বল্প ব্যয়ে বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন বলে জানান মো. মাসুদ রানা। সম্প্রতি তিনি এ ডিভাইসটি সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করেছেন।
‘সাউ স্মার্ট সিকিউরিটি ডিভাইস’-এ রয়েছে স্মার্ট মনিটরিং সিস্টেম ও আইওটি-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। খামারির অনুপস্থিতিতেও ২৪ ঘণ্টা খামারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সক্ষম। এ ছাড়া এর অন্যতম বৈশিষ্ট্য এতে থাকা ৩৬০ ডিগ্রি ঘূর্ণনক্ষম ক্যামেরাটি প্রতি ৩০ মিনিট পরপর ভিডিও ধারণ করে খামার মালিকের মোবাইলে পাঠায়। ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পর্যবেক্ষণ ও ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে বিল্ট-ইন মাইক্রোফোন, স্পিকার এবং ওয়াকিটকি-সদৃশ দ্বিমুখী যোগাযোগব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে খামার মালিক দূরে থেকেও কর্মচারীদের সরাসরি প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবেন। ডিভাইসটিতে মিনি রাউটার বা সিমভিত্তিক ইন্টারনেট সংযোগের সুবিধা থাকায় এটি সবসময় অনলাইন থাকে।
ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর উন্নত এআই-ভিত্তিক নিরাপত্তাব্যবস্থা। খামারের অনুমোদিত ব্যক্তিদের ছবি এতে আগে থেকেই সংরক্ষণ করা যায়। উদ্ভাবক মো. মাসুদ রানা বলেন, ডিভাইসটির নির্মাণ ব্যয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বাণিজ্যিকভাবে উৎপাদন হলে এটির ব্যয় আরও কমে আসবে।