শেষ মুহূর্তের নাটকীয়তায় ডাচদের থামাল জাপান 

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:১৮ এএম

টেক্সাসের ডালাসে ফুটবলবিশ্ব দেখল এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ। আক্রমণ-প্রতি আক্রমণের ফুলঝুরি ছড়িয়েপুরো ম্যাচে দুই দুইবার লিড নিয়েও এশিয়ান পরাশক্তিদের অদম্য ইচ্ছাশক্তির কাছে জয়বঞ্চিত হতে হলো নেদারল্যান্ডসের। সম্ভাব্য জয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশার বিপরীতে ম্যাচের একদম শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-২ গোলের ড্রয়ে শেষ হয় গ্রুপপর্বে অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় নেদারল্যান্ডস। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে ডাচরা সম্পূর্ণ আধিপত্য বজায় রাখলেও জাপানের গোলরক্ষক জায়ন সুজুকি যেন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচের তৃতীয় মিনিটেই ডনিয়েল মালেনের একটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। এরপর ৩৪ মিনিটে মালেনের হেড এবং পরবর্তীতে ফন ডে ভেনের প্রচেষ্টাও সুজুকির দক্ষতায় নস্যাৎ হয়। এদিকে দমে থাকেনি জাপানও। একের পর কাউন্টার অ্যাটাক চালালেও প্রথমার্ধে হাজিমে মোরিয়াসুর দলও পায়নি জালের দেখা।  

তবে আসল নাটকীয়তা শুরু হয় দ্বিতীয়ার্ধে।ক্লাব ফুটবলে লিভারপুলের দুই সতীর্থের সুবাদে। ম্যাচের ৫১ মিনিটে রায়ান গ্রাভেনবার্খের চমৎকার ক্রস থেকে দারুণ এক হেডে ডাচদের এগিয়ে নেন ডাচ অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তবে বিশ্বমঞ্চে তিন বার রানার্স আপ হওয়া দলটি লিড ধরে রাখতে পারল কেবল ৬ মিনিট। ৫৭ মিনিটে তাকেফুসা কুবোর অ্যাসিস্ট থেকে বক্সের দূর থেকে করা কেইতো নাকামুরা দুর্দান্ত এক শটে সমতায় ফেরান জাপানকে।

জাপানের সেই স্বস্তিও এবার বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ডাচরা। ৬৪ মিনিটে গ্রাভেনবার্খের পাস থেকে বক্সের ডান প্রান্ত দিয়ে অসাধারণ এক বাঁকানো শটে বল জালে জড়ান ক্রাইসেনসিও সামারভিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম গোল। এতেই ম্যাচে আরও একবার লিডে নেদারল্যান্ডস।

সেখান থেকে খেলা শেষের দিকে যাচ্ছিল ডাচদের ২-১ গোলের জয়েই। তবে নাটকীয়তার শেষ পর্ব যে তখনও বাকি। ম্যাচের একদম শেষে ৮৮ মিনিটের মাথায় দাইচি কামাদা করে বসেন দারুণ কিছু। বদলি খেলোয়াড় জুনিয়া ইতোর নিখুঁত কর্নার থেকে কোকি ওগাওয়া হেড করে বল বাড়িয়ে দেনকামাদার দিকে। চলন্ত বলে মাথা ছুঁইয়ে নেদারল্যান্ডসের জাল কাঁপিয়ে দেন জাপানের এই মিডফিল্ডার। আর এতেই ম্যাচে দুবার পিছিয়ে পরেও ঘুরে দাঁড়ানোর এক অদম্য গল্প লিখল এশিয়ান পরাশক্তি জাপান।  

গ্রুপপর্বে নেদারল্যান্ডসের পরের ম্যাচ ২০ জুন, সুইডেনের বিপক্ষে। এর পরের দিন আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে নামবে জাপান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত