উডওয়ার্কে কপালমন্দ ইকুয়েডরের, দিয়ালো ম্যাজিকে জয় হাতীদের

আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:৪৫ এএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নাটকীয় এক জয় তুলে নিয়েছে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্ট। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গ্রুপ 'ই'-এর এই হাইভোল্টেজ ম্যাচে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর ৯০ মিনিটে করা একমাত্র গোলে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে ‘দি এলিফ্যান্টস’রা। এই হারে ইকুয়েডরের টানা ১৯ ম্যাচের অপরাজেয় যাত্রার অবসান ঘটল।

খেলার শুরু থেকেই শারীরিকভাবে শক্তিশালী ইকুয়েডর মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। ম্যাচের প্রথম ৩০ মিনিটে একের পর এক আক্রমণে আইভরি কোস্টের রক্ষণভাগকে তটস্থ করে রাখে তারা। দলটির অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া একটি সহজ সুযোগ হাততারা করার পর দু-দুবার ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় ইকুয়েডর।

২৪ মিনিটে জন ইয়েবোয়াহ আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদুর ভুল পাস কেড়ে নিয়ে চমৎকার এক কার্লিং শট নেন, কিন্তু তা বারে লেগে ফিরে আসে।

৩০ মিনিটে পেড্রো ভিতের ডিফেন্স-চেরা পাস থেকে অ্যালান মিন্দার নেওয়া ক্লোজ-রেঞ্জ শটটিও পোস্টে লেগে প্রতিহত হয়।

বিরতির পর আইভরি কোস্টও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে। ৫২ মিনিটে নিকোলাস পেপের ক্রস থেকে এলি ওয়াহির দুর্দান্ত শট ইকুয়েডরের ক্রসবারে লেগে ফিরে আসলে একইভাবে গোলবঞ্চিত হয় ওয়েরা।

আক্রমণের ধার বাড়াতে ৫৬ মিনিটে বাজুমানা তুরের পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালোকে মাঠে নামান আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে। দিয়ালো মাঠে নামার পর আফ্রিকার দলটির আক্রমণভাগের গতি বহুগুণ বেড়ে যায়।

ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৯০ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন উইলফ্রেড সিঙ্গো। বক্সে থাকা দিয়ালোর উদ্দেশ্যে তিনি নিখুঁত এক স্কয়ার পাস বাড়ান। কোনো ভুল না করে ঠান্ডা মাথায় নিখুঁত শটে ইকুয়েডরের গোলকিপার গালিন্দেজকে পরাস্ত করে বল জালে জড়ান দিয়ালো (১-০)।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেন ম্যাচ জয়ী নায়ক আমাদ দিয়ালো। ইকুয়েডরের শক্তিমত্তা ও নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'আমরা জানতাম ম্যাচটি অনেক কঠিন হবে কারণ ইকুয়েডরের খেলোয়াড়রা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা তাদের ফাঁদে পা দিতে চাইনি, বরং আমাদের নিজেদের খেলাটাই খেলতে চেয়েছিলাম। তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল, তবে আমরা শেষ পর্যন্ত ফোকাস ধরে রেখেছিলাম।"

ইকুয়েডরের ডিফেন্ডারদের কড়া ট্যাকল ও ম্যাচ জয়ের মানসিকতা নিয়ে দিয়ালো আরও যোগ করেন, ' এই ৩ পয়েন্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করা যাবে না। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার আগপর্যন্ত আমাদের বিশ্বাস ছিল যে একটা সুযোগ আমরা পাবই। এখন আমাদের পরবর্তী দুই ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।"

গ্রুপ 'ই'-তে জার্মানির বিপক্ষে নিজেদের পরবর্তী কঠিন ম্যাচের আগে এই জয় আইভরি কোস্টকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে। অন্যদিকে, শুরুর একাদশে জায়গা না পাওয়া দিয়ালো এই পারফরম্যান্সের পর পরবর্তী ম্যাচে মূল একাদশে থাকার জোরালো দাবি জানিয়ে রাখলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত