১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:৪৫ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামসহ বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিতে যাচ্ছেন।

সরকার শিশুদের নিরাপদ বলে বিবেচিত প্ল্যাটফর্মেও লাইভস্ট্রিমিং বন্ধ এবং গেমিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করার পরিকল্পনাও করছে। পাশাপাশি বড় বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট সময়সীমা (কারফিউ) আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়। যুক্তরাজ্যের পরিকল্পনাকে সেই নীতির 'আরও কঠোর সংস্করণ' বা 'অস্ট্রেলিয়া-প্লাস' হিসেবে বর্ণনা করা হচ্ছে।

স্টারমার বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সরকার এমন একটি ব্যবস্থা শেষ করতে চায় যা শিশুদের জন্য ক্ষতিকর।

একটি সরকারি পরামর্শ জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের বড় অংশই ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছে। প্রায় ৯০ শতাংশ অভিভাবক এই পদক্ষেপকে সমর্থন করেছেন।

তবে শিশু অধিকারকর্মী ও কিছু সংস্থা এই ধরনের নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছে, এতে সমস্যা কমার বদলে শিশুরা অন্য অনিরাপদ অনলাইন প্ল্যাটফর্মে চলে যেতে পারে।

শিশু অধিকার সংস্থা এনএসপিসিসি, ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনসহ কিছু সংগঠন বলছে, প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়ে প্ল্যাটফর্মগুলোকে আরও নিরাপদ করা উচিত।

এদিকে যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি জানিয়েছেন, সরকার চূড়ান্ত ঘোষণার আগে প্রযুক্তি কোম্পানিগুলোর দায়িত্ব পালনের সময় শেষ হয়ে এসেছে বলে মনে করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত