আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও চালু থাকবে মেডিকেল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ খারাপ কিছু করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। 

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদানে শতভাগ স্বার্থক। পুরো দেশে শতভাগের বেশি টার্গেট আমরা অর্জন করেছি। টিকাদান আমরা থামিয়ে দেইনি। ঈদের আগে থেকে প্রতিদিন আমরা ডেকে ডেকে টিকা দিয়েছি, মাইকিংও করা হয়েছে। ইপিআই কর্মসূচি চলমান রয়েছে।

তিনি বলেন, এখনো হামে আক্রান্ত হচ্ছে। হাম একেবারে শেষ হবে না, গত পরশু দিন ৭০০ ছিল, আবার গতকাল এক হাজারে উঠেছে। অনেক সময় জ্বর হলে হামে আক্রান্ত হয়। পরীক্ষিত সন্দেহজনক মৃত্যু আসছে ৫, ৪, ৩ জন। হামে মৃত্যু গত সপ্তাহ ধরে শূন্য রয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বলব না হামে মারা যাচ্ছে না, দুই একজন মারা যাচ্ছে। গত ২০ তারিখে যে টিকাটা দেওয়া হয়েছে, অ্যান্টিবডি তৈরি হতেও এক মাস সময় লাগে। হামে মৃত্যু যেভাবে শুরু হয়েছিল আমরা যদি সফল না হতাম এবং টিকা না দিতাম, ডাক্তার-নার্সরা সেবা না দিতেন এবং যন্ত্রপাতি না দিতাম তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত