সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা  

১২ আগস্ট সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বাধার প্রতিবাদে এবং প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে আগামী ১২ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকেরা। সুপ্রিম কোর্টের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলআরএফ’র সভাপতি মোঃ ইয়াছিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম। সভায় এলআরএফের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্য ও বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ ও আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত রীতি। পাঁচ দশকেরও বেশি সময়ে ২৫ জন প্রধান বিচারপতির সময়ে সাংবাদিকরা নির্বিঘ্নে আদালতে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, সংবাদের উদ্দেশ্যে নোট গ্রহণ এবং সংবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এমন পরিস্থিতিতে যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে আগামী ১২ আগস্ট অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটরস কাউন্সিল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত হয়। 

সভায় বক্তব্য দেন এলআরএফের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, শামীমা আক্তার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাবিবুর রহমান, এলআরএফ’র জ্যেষ্ঠ সদস্য শংকর মৈত্র, খোকন বড়ুয়া, সাজেদুল হক, মিলটন আনোয়ার, মহিউদ্দিন ফারুকসহ  বর্তমান কমিটির সহসভাপতি আবু সালেহ রনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এসএম নূর মোহাম্মদ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত