অভিনব কৌশলে গাঁজা বহনের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম মো. আরিফ মিয়া (৩০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিশখা গ্রামের হারুন মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) আমুরোড এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়াকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার শরীরে অভিনব কৌশলে পেঁচিয়ে রাখা ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধার করা গাঁজাসহ মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।