চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তার ওপর হামলা

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০৩ এএম

ময়মনসিংহ নগরীতে চাঁদা না দেওয়া এবং নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী স্থানীয়দের কাছ থেকে না কেনায় এক ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গত সোমবার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী নজরুল ইসলাম শেরপুরের বাসিন্দা এবং নগরীর জনতা ব্যাংকের চরপাড়া শাখার কর্মকর্তা। তিনি ২০২৩ সালে নগরীর ময়নার মোড় এলাকায় চার শতক জমি কিনে প্রায় ছয়-সাত মাস আগে পাঁচতলা ভবনের ভিত্তিসহ একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। পাশাপাশি নির্মাণসামগ্রী তাদের কাছ থেকে কেনার জন্য চাপ প্রয়োগ করা হয়। তবে তিনি নিজস্ব পছন্দ অনুযায়ী মালামাল কিনে নির্মাণকাজ চালিয়ে গেলে অভিযুক্তরা ক্ষুব্ধ হন। অভিযোগে বলা হয়, গত রবিবার বিকেলে অভিযুক্তরা বাড়িতে গিয়ে আবারও চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত