তিতাসে থানার গেইটে দুই পক্ষের মারামারি, আটক-৩

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

কুমিল্লার তিতাস থানা গেইটের সামনে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

আহতরা হলেন শাহ আলম,রুবেল ও ফাহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে চাচা শাহ আলম ও ভাতিজা তাহের আলীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে শাহ আলম (৪৩) গুরুতর আহত হন।

পরে শাহ আলম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা দিয়ে বাড়ি ফেরার পথে গৌরীপুর-হোমনা সড়কে তাহের আলী ও তার সহযোগীরা তাদের ধাওয়া করে বলে অভিযোগ ওঠে। এ সময় শাহ আলম ও তার সঙ্গে থাকা লোকজন নিরাপত্তার জন্য পুনরায় থানার দিকে ছুটে যান।

অভিযোগ অনুযায়ী, ধাওয়া করতে করতে তাহের আলী ও তার লোকজন থানার সামনেও পৌঁছে শাহ আলম ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে শাহ আলম, রুবেল ও ফাহিম আহত হন।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। এদিকে, থানার সামনে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত শাহ আলম বলেন, কিছু দিন পূর্বে ভাতিজা তাহের আলী আমাকে মারধর করেছে, ওই ঘটনায় আমি থানায় অভিযোগ করলে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়। আজকে আবার পুরনো বিষয় নিয়ে হত্যার উদ্দেশে আমার ওপর হামলা করে তাহের ও তার লোকজন। আমি তিতাস হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিয়ে বাড়ি যাওয়ার পথে গৌরীপুর হোমনা সড়কে পথরোধ করে তাহের। আমরা ভয়ে পুনরায় থানায় চলে আসি। এখানেও এসে রক্ষা পাইনি তাদের হাত থেকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, থানার গেইটে মারামারির ঘটনায় তাৎক্ষণিক  ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,  তাহের আলী, ফাহিম ও সাগর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত