পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন, যারা দুর্ঘটনা, অপারেশন, প্রসূতি জটিলতা, ক্যানসার, থ্যালাসেমিয়া কিংবা নানা জটিল রোগের কারণে নিয়মিত রক্তের প্রয়োজন অনুভব করেন। অনেক সময় এক ব্যাগ রক্তের অভাবে একটি তাজা প্রাণ ঝরে যায়। এমন মুহূর্তে অপরের জীবন বাঁচাতে রক্তদান করতে এগিয়ে আসা অত্যন্ত সওয়াবের কাজ।
রক্তদানের তাৎপর্য : রক্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের রক্তের বিকল্প এখনো আবিষ্কৃত হয়নি। তাই একজন মানুষের জীবন রক্ষায় আরেকজন মানুষের রক্তই একমাত্র ভরসা। একজন সুস্থ মানুষ রক্তদান করলে একজন মুমূর্ষ রোগী নতুন জীবন ফিরে পেতে পারে। এই কাজের মাধ্যমে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ পায়।
মানবিকতার সর্বোচ্চ প্রকাশ : মানবিকতা মানে কেবল সুখে-দুঃখে পাশে থাকা নয়, বরং প্রয়োজনে নিজের সামর্থ্য দিয়ে অন্যের জীবন রক্ষায় এগিয়ে আসা। রক্তদান সেই মানবিকতারই সর্বোচ্চ প্রকাশ। কারণ এখানে একজন মানুষ নিজের শরীরের অংশবিশেষ দান করে অন্যকে বাঁচায়। অর্থ-সম্পদ দান করা যেমন মহৎ কাজ, তেমনি রক্তদান আরও বেশি মহিমান্বিত, কারণ এটি সরাসরি জীবন বাঁচানোর সঙ্গে সম্পর্কিত।
একজন দুর্ঘটনাগ্রস্ত রোগী, একজন প্রসূতি মা, কিংবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু যখন রক্ত পেয়ে নতুন জীবন লাভ করে, তখন সেই দাতার মানবিকতার মূল্য ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক সময় একজন রক্তদাতা জানেও না তার রক্ত কার শরীরে প্রবাহিত হচ্ছে, তবুও নিঃস্বার্থভাবে সে দান করে যায়। এটাই মানবতার প্রকৃত সৌন্দর্য।
রক্তদানের প্রয়োজনীয়তা : বর্তমান সমাজে প্রতিদিন অসংখ্য রোগীর রক্তের প্রয়োজন হয়। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত নিতে হয়। দুর্ঘটনার শিকার রোগী, অপারেশন থিয়েটারে থাকা রোগী, কিডনি বা ক্যানসার আক্রান্ত রোগী, সবাই কখনো না কখনো রক্তের ওপর নির্ভরশীল। এই চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রক্তদানের উপকারিতা : রক্তদান শুধু গ্রহীতার জন্য উপকারী নয়, দাতার জন্যও উপকারী। নিয়মিত রক্তদান করলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়, যা শরীরকে সতেজ রাখে। অনেক ক্ষেত্রে রক্তদানের আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, ফলে দাতা নিজের শারীরিক অবস্থা সম্পর্কেও ধারণা পান।
এ ছাড়া রক্তদান মানুষের মনকে প্রশান্ত করে। একজন মানুষের জীবন বাঁচাতে পেরেছি, এই অনুভূতি আত্মিক আনন্দ ও মানসিক তৃপ্তি এনে দেয়। সমাজে একজন রক্তদাতা সম্মান ও ভালোবাসার পাত্র হয়ে ওঠেন।
ইসলাম ও মানবিক দৃষ্টিভঙ্গি : ইসলাম মানবসেবাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচাল, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল।’ (সুরা মায়েদা ৩২) এই আয়াতের আলোকে রক্তদান নিঃসন্দেহে এক মহান ইবাদতস্বরূপ মানবিক কাজ। একজন মুমিন অন্যের বিপদে পাশে দাঁড়াবে, এটাই ইসলামের শিক্ষা।
তরুণদের করণীয় : রক্তদানের মতো মহৎ কাজে তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে রক্তদানের সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত রক্তদান কর্মসূচি, ক্যাম্প এবং সচেতনতামূলক আলোচনা আয়োজনের মাধ্যমে মানুষের ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব। বিশেষ করে মাদ্রাসা, স্কুল ও কলেজ পর্যায়ে মানবসেবার এই শিক্ষা ছড়িয়ে দিতে পারলে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে উঠবে।
সহমর্মিতার অনন্য নিদর্শন : রক্তদান মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ ও সহমর্মিতার অনন্য নিদর্শন। এক ব্যাগ রক্ত হতে পারে কারও নতুন জীবনের সূচনা, কারও পরিবারের হাসি ফিরিয়ে আনার মাধ্যম। আজ আমি অন্যকে রক্ত দিচ্ছি, কাল হয়তো আমার জন্যই কারও রক্তের প্রয়োজন হতে পারে। মানবতার এই বন্ধনই সমাজকে সুন্দর, সহমর্মী ও জীবন্ত করে তোলে।
লেখক : মুহাদ্দিস ও শিক্ষা সচিব, জামিয়া দারুল হিকমাহ, কেওয়া, শ্রীপুর, গাজীপুর