রোনালদোদের রুখে দিয়ে কঙ্গোর ইতিহাস

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৩৯ এএম

সকালে লিওনেল মেসি প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলাটা রাঙিয়েছিলেন হ্যাটট্রিক করে। রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোও গড়লেন একই কীর্তি। তবে রেকর্ড গড়া ম্যাচটা জয়ে রাঙাতে পারেননি সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। দাপট দেখিয়েও কঙ্গোকে হারাতে পারেনি তার দল পর্তুগাল। উল্টো ফেভারিটদের  ১-১ গোলে রুখে দিয়েছে আফিকান চিতারা।

ম্যাচের শুরুটা পর্তুগাল করেছিল স্বপ্নের মতো। খেলার মাত্র ৬ষ্ঠ মিনিটেই উইঙ্গার পেদ্রো নেতোর নিখুঁত পাস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেস। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইউরো ২০১৬-এর চ্যাম্পিয়না। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল পর্তুগাল।

পর্তুগালের একচেটিয়া আধিপত্যের মাঝেই প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে নাটকীয় গোল পায় ডিআর কঙ্গো। আর্থার মাসুয়াকুর চমৎকার ক্রস থেকে পর্তুগালের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ফ্রি-হেডে গোলরক্ষক দিওগো কোস্তাকে পরাস্ত করেন ফরোয়ার্ড ইয়োয়ান উইসা।

কোচ সেবাস্তিয়ান দেসাব্রের শিষ্যদের জন্য এই গোলটি ছিল ৫২ বছরের অপেক্ষার অবসান। এর আগে ১৯৭৪ সালে 'জাইরে' নামে একমাত্র বিশ্বকাপ খেলে কোনো গোল না করেই বিদায় নিতে হয়েছিল তাদের।

কঙ্গো হয়ে প্রথম বিশ্বকাপ গোল করেন নিউক্যাসলের উইঙ্গার ইয়োন উইসা

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝাড়েন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। আক্রমণের ধার বাড়াতে তিনি মাঠে নামান গতিময় উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাওকে।

দ্বিতীয়ার্ধে কনসেইসাও ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে বক্সের ভেতর রোনালদোকে লক্ষ্য করে দুটি চমৎকার পাস (কাট-ব্যাক) বাড়িয়েছিলেন। কিন্তু ৪১ বছর বয়সী এই মহাতারকা দুটির একটিও গোলমুখে কাজে লাগাতে পারেননি।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন ব্রুনো ফার্নান্দেজের চমৎকার ক্রস থেকে জোয়াও নেভেস বল বুক দিয়ে নামিয়ে দেন এবং ডিফেন্ডার জোয়াও কানসেলো দুর্দান্ত শটে তা জালে জড়ান। পর্তুগাল উল্লাসে মেতে উঠলেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচের শেষ দিকে (৮৩ মিনিটে) গনসালো রামোসকে মাঠে নামিয়ে ৪-২-৪ ফরমেশনে অল-আউট আক্রমণে যায় পর্তুগাল। কিন্তু কঙ্গোর জমাট রক্ষণভাগের কারণে জয়সূচক গোলটি আর পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদো-ব্রুনোদের।

পর্তুগাল তাদের পরবর্তী ম্যাচে এই হিউস্টনেই মুখোমুখি হবে উজবেকিস্তানের, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত