মুক্তিপণের চিঠি বিছানায়, বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ

আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৩০ এএম

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় অপহরণের শিকার এক গ্যারেজ মালিকের ৫ বছরের শিশু সন্তান জায়ানের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (১৭ জুন) দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে শিশু জায়ান নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রথমে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে শিশুটির বিছানা থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা একটি চিরকুট পাওয়া গেলে অপহরণের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর, বৃহস্পতিবার ভোরে জেলা ডিবি পুলিশ ও পটিয়া থানা পুলিশের একটি যৌথ অভিযানে বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা নামে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বজনদের অভিযোগ,মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এমনকি অভিযুক্তদের কয়েকজন পরবর্তীতে পরিবারের সাথে শিশুটিকে খোঁজার নাটকেও অংশ নিয়েছিল।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত