বড় ভাইয়ের ঘরের বারান্দায় ঝুলছিল ছোট ভাইয়ের নিথর দেহ

আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:১৩ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম ওই গ্রামেরই বাসিন্দা আবাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নিহতের পরিবার ও স্থানীয়রা আবুল কালামকে তার বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম এবং তার বড় ভাই আব্দুল ছালামের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন উঠছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আবুল কালামের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত