মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অকেজো করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি খননযন্ত্র এবং জব্দ করা হয়েছে দুটি ট্রাক্টর।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
অভিযানে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে পারভেজ মোল্লাকে (৩০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও স্থানে সরবরাহ করে আসছিল। এতে কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাসের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।