ম্যাচ ফিক্সিংয়ে নাম আইভোরিকোস্ট স্ট্রাইকারের, কানাডায় 'নিষিদ্ধ'

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

বিশ্বকাপে গ্রুপ ‘ই’-এর বিগ ম্যাচে জার্মানির মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল আইভোরিকোস্ট শিবির। স্পোর্টস বেটিং বা জুয়া কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে ফ্রান্সে তদন্তাধীন থাকায় কানাডায় প্রবেশের অনুমতি পাননি দলটির প্রধান স্ট্রাইকার এলি ওয়াহি । ফলে শনিবার টরন্টোতে জার্মানির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামা হচ্ছে না ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

আইভোরিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক ছাড়পত্র ও কানাডিয়ান কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় ওয়াহি দলের সাথে টরন্টো যেতে পারেননি। আপাতত তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন এবং ম্যাচ শেষে দল সেখানে ফিরলে আবার সতীর্থদের সাথে যোগ দেবেন।

ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে আইভোরিকোস্টের জয়ের অন্যতম নায়ক ছিলেন এলি ওয়াহি। তবে বিশ্বমঞ্চে মাঠ মাতানোর মাঝেই গত বুধবার ফরাসি ফুটবল লিগ  তাঁর বিরুদ্ধে এক মারাত্মক তদন্তের কথা সামনে আনে।

অভিযোগ রয়েছে, গত মে মাসে ফরাসি লিগ ওয়ানে নিস ও মেসের মধ্যকার একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচে ওয়াহির দেখা একটি হলুদ কার্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক বেটিং বাজারে অস্বাভাবিক ও সন্দেহজনক মাত্রায় বাজি ধরা হয়েছিল। বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো এই অসঙ্গতিটি ধরার পর বিষয়টি ফরাসি পুলিশ, বেটিং নিয়ন্ত্রক সংস্থা এবং ফরাসি ফুটবল ফেডারেশনের হাতে সোপর্দ করা হয়।

ফরাসি প্রসিকিউটর অফিস নাম প্রকাশ না করে জানিয়েছে, এই তদন্তের অংশ হিসেবে গত ২৯ মে ফ্রান্সের শীর্ষ লিগের একজন ২৩ বছর বয়সী ফুটবলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল (যার বিবরণ ওয়াহির সাথেই হুবহু মিলে যায়)। তাঁর বিরুদ্ধে মূলত সুসংগঠিত জালিয়াতি, ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি এবং অর্থ পাচারের মতো গুরুতর অপরাধের তদন্ত চলছে। অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

নিজের দেশের প্রধান তারকার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলেও তাঁর ওপর পূর্ণ আস্থা রাখছে আইভোরিয়ান ফুটবল ফেডারেশন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওয়াহির বিরুদ্ধে চলমান কোনো আইনি প্রক্রিয়া সম্পর্কে তারা এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত