প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জনগণের হক যারা তছরুপ করবে, তাদের কোনো ছাড় নেই

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি বলেছেন, ‘জনগণের হক আদায় না করে যদি কেউ দুর্নীতি করেন বা জনগণের হক তছরুপ করেন, তবে তাদের কোনো ছাড় নেই।’

শুক্রবার (১৯ জুন) বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে কাজ করছে। এ পরিস্থিতিতে জনগণের হক আদায় না করে কেউ যদি দুর্নীতি করেন বা জনগণের অধিকার তছরুপ করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সবার সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি নিরলসভাবে ছুটে চলেছেন। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। এর সুফল দেশের সব মানুষ ভোগ করবে।’

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গজারিয়ায় পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত