বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও হাইতি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে ফুটবলীয় কৌশলের চেয়েও ব্রাজিলিয়ান সমর্থকদের মাঝে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে হলিউডের কাল্পনিক বক্সার ‘রকি বালবোয়া’র একটি ব্রোঞ্জের মূর্তি এবং তার সাথে জড়িয়ে থাকা এক অদ্ভুত ‘অভিশাপ’!
ফিলাডেলফিয়া আর্ট মিউজিয়ামের সামনে থাকা এই আইকনিক মূর্তিকে ঘিরে স্পোর্টস দুনিয়ায় একটি প্রচলিত অন্ধবিশ্বাস বা কুসংস্কার রয়েছে। ফিলাডেলফিয়ার বাইরের কোনো দল যদি তাদের জার্সি বা স্কার্ফ এই রকি মূর্তিকে পরিয়ে দেয়, তবে সেই দল নিশ্চিতভাবে পরাজিত হয়—এটিই স্পোর্টস ভক্তদের কাছে ‘রকির অভিশাপ’ নামে পরিচিত। আর এই কারণে, হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলিয়ান সমর্থকেরা কড়া নিষেধাজ্ঞা জারি করেছে যাতে কেউ ভুল করেও রকি মূর্তিকে ‘সেলেসাও’ বা ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি না পরায়।
এই কুসংস্কারকে ব্রাজিলিয়ান বা ফিলাডেলফিয়ার স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মোটেও উড়িয়ে দিচ্ছেন না; কারণ ইতিহাস বলছে, এই অভিশাপের ‘শিকার’ হওয়ার তালিকাটা বেশ দীর্ঘ:
২০১৫ সাল থেকে আমেরিকান ফুটবলের অন্তত পাঁচটি শক্তিশালী দল রকি মূর্তিকে নিজেদের জার্সি পরানোর পর ম্যাচ হেরেছে। এই তালিকায় আছে—নিউ ইয়র্ক জায়ান্টস (২০১৫), মিনেসোটা ভাইকিংস (২০১৮), নিউ ইংল্যান্ড প্যাট্রিওটস (২০১৮), সান ফ্রান্সিসকো ফোরটিনাইনার্স (২০২৩) এবং ওয়াশিংটন কমান্ডার্স (২০২৫)।
এই বিশ্বকাপেই ইকুয়েডরের সমর্থকেরা অতি-উৎসাহী হয়ে রকি মূর্তিকে তাদের দেশের জার্সি পরিয়ে দিয়েছিল। ফলাফল? ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল খেয়ে কোত দিভোয়ারের (আইভরি কোস্ট) কাছে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ইকুয়েডর।
এই ভয়াবহ রেকর্ডের কারণে ব্রাজিলের অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘মুভিমেন্তো ভের্দে ই আমারেলো’ ফিলাডেলফিয়ায় আসা সকল ব্রাজিলিয়ান সমর্থকদের কড়া হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার থেকেই মূর্তির চারপাশে কড়া নজরদারি রাখছেন সমর্থকেরা। এমনকি মূর্তির সামনে তারা একটি সতর্কবার্তা সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছেন, যাতে লেখা রয়েছে, "অপারেশন রকি প্রটেক্টেড। সতর্কীকরণ: রকিকে ব্রাজিলের রঙে সাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।"
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এক ব্রাজিলিয়ান সমর্থক তাঁর এই অন্ধবিশ্বাসের পক্ষে যুক্তি দিয়ে বলেন, 'বিশ্বকাপে প্রতিটি কুসংস্কার বা বিশ্বাসের মূল্য আছে। রকিকে ব্রাজিলের জার্সি পরানো সম্পূর্ণ নিষিদ্ধ। চাইলে আপনারা ওটাকে আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা নরওয়ের জার্সি পরিয়ে দিন, কিন্তু ব্রাজিলের নয়!'
ব্রাজিল ও হাইতি ছাড়াও এই বিশ্বকাপে ফিলাডেলফিয়া শহরের ভেন্যুতে আরও বেশ কয়েকটি দেশ ম্যাচ খেলবে। ফলে ফ্রান্স, ইরাক, কুরাসাও, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো দলগুলোর সমর্থকদেরও এখন এই 'রকি বালবোয়ার অভিশাপ' থেকে বেশ সতর্ক থাকতে হবে।