তাজমহল দেখতে গিয়ে জেল, ১৮ বছর পর বাড়ির পথে সেই বাদল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

দীর্ঘ  ১৮ বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোয়া ৮ টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে বাগেরহাট পুলিশ প্যারোলের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দিবে। 

খোঁজ নিয়ে জানা যায়, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাগারে ছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা বাদল ফরাজী। ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। অথচ বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন। 

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল। সেখানে কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি।

পরবর্তীতে ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। দেশে ফেরার পরও তার মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

দীর্ঘদিন ধরে বাদলের মুক্তির দাবিতে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। পরে লেখক রাহিতুল ইসলাম তাকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। বাদল কারাগারে থাকতেই তার বাবা মারা যান। তার বৃদ্ধ মা এখন চলাফেরা করতে পারেন না। 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে বাগেরহাটের উদ্দেশে পুলিশ নিয়ে গেছে, সেখানে বাগেরহাট পুলিশ প্যারোলে পরিবারের কাছে হস্তান্তর করবে। 

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোন থেকে থেকে বাদল ফরাজিকে ১২ ঘণ্টার পরিবর্তনে ৪ সপ্তাহের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত