মেটার টেক্সটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস ৫০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টের পর থেকে প্ল্যাটফর্মটিতে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ১০ কোটি ব্যবহারকারী।
আগামী মাসে তৃতীয় বর্ষপূর্তির আগেই এ সাফল্য অর্জন করেছে থ্রেডস। মেটার মতে, অ্যাপটির কমিউনিটিকেন্দ্রিক বিভিন্ন ফিচার ব্যবহারকারী বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে এশিয়ার বাজারে, দক্ষিণ কোরিয়া ও জাপানে থ্রেডসের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুরুর দিকে ইনস্টাগ্রামের ফলোয়ার নেটওয়ার্ক এবং ফেসবুক-ইনস্টাগ্রামের ফিডে থ্রেডসের পোস্ট প্রচারের মাধ্যমে ব্যবহারকারী টানলেও, এখন নতুন ব্যবহারকারীদের বড় অংশ সরাসরি অ্যাপটিতে যুক্ত হচ্ছেন।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে এ সংখ্যা ছিল ১৫ কোটি। ব্যবহারকারী বৃদ্ধির পাশাপাশি থ্রেডসে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে রয়েছে ‘ডিসকভারি হাব’, ‘টপ কন্ট্রিবিউটর’ ব্যাজ, ‘লাইভ চ্যাট’ এবং ‘ইওর অ্যালগো’ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী কমিউনিটি খুঁজে পাওয়া এবং কনটেন্ট সাজানোর ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একসময় থ্রেডসকে ১০০ কোটি ব্যবহারকারীর প্ল্যাটফর্মে পরিণত করার লক্ষ্য প্রকাশ করেছিলেন। ৫০ কোটি মাসিক ব্যবহারকারীর মাইলফলক সেই লক্ষ্যের দিকেই বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।