ডলি জহুরের মুখে সালমানের স্মৃতি

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৫৬ এএম

ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। আগামী বছরই মঞ্চ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের এই গুণী শিল্পীর অভিনয় জীবনের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০২৪ সালে একুশে পদকে ভূষিত এই অভিনেত্রী নিজের প্রাপ্তি নিয়ে পরম তৃপ্ত। সম্প্রতি তিনি হাজির হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বটি আগামীকাল শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিন-রাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে।

জেড আই ফয়সাল প্রযোজিত এই পডকাস্টে ডলি জহুর প্রয়াত অমর নায়ক সালমান শাহকে নিয়ে এমন কিছু না বলা স্মৃতিচারণ করেছেন, যা আগে কখনো প্রকাশ করেননি। সালমান শাহের মা নীলা চৌধুরী, চিত্রনায়িকা শাবনূর এবং সালমানের স্ত্রী সামিরাকে ঘিরে প্রথমবার বেশ কিছু অজানা তথ্য শেয়ার করেছেন তিনি। ক্যারিয়ারে ১৬১টি সিনেমায় অভিনয় করা এই গুণী শিল্পী একসময় ছবিপ্রতি এক লাখ টাকা পারিশ্রমিক নিলেও, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে এখনো ৩৪ লাখ টাকা বকেয়া পান বলে জানান। জীবনের কঠিনতম সময়ে, বিশেষ করে স্বামীর অসুস্থতার দিনগুলোতে এই প্রাপ্য টাকাটুকু না পাওয়ার এক বুক ক্ষোভ ও কষ্টও অকপটে তুলে ধরেছেন এই কিংবদন্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত