সমালোচনা সামলে জয়ের খোঁজে প্যারাগুয়ে-তুরস্ক

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০৯ এএম

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে প্যারাগুয়ে ও তুরস্ক। নিজেদের টুর্নামেন্টে টিকিয়ে রাখার লড়াইয়ে আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় সানফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দুটি। তবে এই ‘বাঁচা-মরার’ ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়েও দুই দলের কোচকে বেশি লড়তে হচ্ছে তীব্র সমালোচনা থেকে নিজেদের তরুণ খেলোয়াড়দের আগলে রাখতে।

প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো। ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, ‘আমাকে নিয়ে সমালোচনা করুন। আপনারা আমার দিকে গুলি চালাতে পারেন, কিন্তু খেলোয়াড়দের ওপর নয়। আমি সব আঘাত মুখ বুজে সহ্য করে নেব, কিন্তু ওদের রেহাই দিন।’ তুরস্ক ম্যাচকে ‘ফাইনাল’ আখ্যা দিয়ে তিনি এই কঠিন সময়ে সবাইকে দলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে থাকা তুরস্কের ইতালিয়ান কোচ ভিনসেনজো মন্তেল্লাও সমালোচকদের ধুয়ে দিয়েছেন। তরুণ খেলোয়াড়দের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা মানুষ, কোনো রোবট বা মেশিন নয়। এমন উগ্র প্রতিক্রিয়া ২০ বছর বয়সী ছেলেদের মনোবলে মারাত্মক আঘাত হানছে।’ এছাড়া গত তিন বছরের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে মন্তেল্লা ফুটবলারদের প্রতি আরও সম্মান জানানোর দাবি তোলেন।

এর আগে দল দুটির দেখা হয়েছিল একবারই, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তিন দশক আগে ১৯৯৫ সালের সেই ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। তবে আজকের ম্যাচে জিততে চাইবে দুদলই। কেননা, যে দলই হারবে, তাদের বিশ্বমঞ্চ থেকে বিদায় প্রায় নিশ্চিত। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি মানসিক চাপ সামলে কোন দল আগে ঘুরে দাঁড়াতে পারে, তার ওপরই নির্ভর করছে ‘গ্রুপ ডি’-এর এই ভাগ্য নির্ধারণী ম্যাচের ফলাফল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত