ভিক্টর হুগো নিয়ে ঢাকায় সৌধের শিল্প-প্রযোজনা ২৩ জুন 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

ফরাসি সাহিত্যের অন্যতম প্রধান কবি ও ঔপন্যাসিক ভিক্টর হুগোর ওডস এট বেলাডেস কাব্যগ্রন্থের ২০০ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ান্স ফ্রসেসের ধানমন্ডিস্থ নুভেল ভ্যাগ মিলনায়তনে আগামী মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ কবিতা ও সঙ্গীত আলেখ্য বেলাড ফর লিওপলডাইন হুগো : ভিক্টর হুগো থ্রু বেঙ্গলি মিস্টিক্স।

বৃটেনে দক্ষিণ এশীয় ধ্রুপদী শিল্পের শীর্ষ সংস্থা সৌধের প্রযোজনায় অনুষ্ঠিত এই গীতি-আলেখ্য গ্রন্থনা ও পরিচালনায় আছেন কবি টি এম কায়সার। এতে সঙ্গীত পরিবেশন করবেন দোতারা বাদক সাব্বির শাহ, ইতালিয়ান জ্যাজশিল্পী মার্থা, চিত্রশিল্পী তারেক আমিন, সরোদ বাদক রুম্মান।

ভিক্টর হুগো থেকে পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুনাসিব কামাল। আলোক প্রক্ষেপন, কবিতা ও সঙ্গীতের দৃশ্য-ভাষ্য রচনায় আছেন আলোকচিত্রী পাবলো খালেদ।

সৌধ পরিচালক টি এম কায়সার জানান, বিশ্বের ধ্রুপদী শিল্পের প্রচার ও নতুন নতুন ভাষ্য নির্মাণে সৌধ গত ১৫ বছর থেকে বৃটেনের মূলধারার আর্ট-প্লাটফর্মে প্রভূত ভুমিকা রেখে চলেছে। আমরা কাফকার সাড়ম্বর সেন্টিনারি যেমন উদযাপন করেছি কাফকার সাহিত্যকর্মের নতুন প্রেক্ষিত অনুসন্ধানের মধ্য দিয়ে, ঠিক তেমনি এ বছর হুগো, গিন্সবার্গ বা সুকান্তকেও নতুন আলোয় দেখতে চাই অভিনব সব পরিবেশনা দিয়ে।

বৃটেনের গন্ডী পেরিয়ে আমরা ইউরোপ ভারত বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রেও আমাদের বিচিত্র শিল্প-উপস্থাপনা মঞ্চস্থ করেছি। এই প্রক্রিয়া আরও নিয়মিত রাখতে চাই এবং আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত