প্রথমবার নিজের চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধারার একটি সিনেমা নিয়ে আসছেন তিনি বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক তাইকা ওয়াইটিটি। কাজুও ইশিগুরোর ২০২১ সালের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। এরই মধ্যে বিনোদন সাময়িকী ‘ভ্যানিটি ফেয়ার’ এই সিনেমার প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশ করেছে।
সিনেমার মূল চরিত্র ‘ক্লারা’তে অভিনয় করছেন হলিউড অভিনেত্রী জেনা ওর্তেগা। ‘কারা’ মূলত একটি সৌরশক্তিচালিত রোবট বা কৃত্রিম বন্ধু। গল্পে দেখা যাবে, এক মা তার অসুস্থ মেয়ের একাকীত্ব দূর করতে ও সঙ্গী হিসেবে এই রোবটটিকে কিনে নেন। মানুষের আচরণ, ভালোবাসা, একাকীত্ব ও বিশ্বাসকে একটি কৃত্রিম সত্তা বা রোবট কিভাবে দেখছে—তা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। তাইকা ওয়াইটিটি জানান, শুরুতে তিনি ভেবেছিলেন এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সহজ সিনেমা হবে এবং তিনি এটিকে তার চেনা ‘কমেডি’ স্টাইলে বানাতে চেয়েছিলেন।
তিনি বলেন, ‘শুরুতে লেখার সময় ভেবেছিলাম এটাকে একটা সাধারণ ‘তাইকা ফিল্ম’ বানাই আর ফালতু রোবট রসিকতায় ভরিয়ে দিই। কিন্তু লিখতে গিয়ে বুঝলাম, এতে চমৎকার বইটির মূল আবেদন নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিজের চেনা ধারা থেকে বের হয়ে এটিকে একটি সিরিয়াস ড্রামা হিসেবে তৈরি করেছি। এটিই সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় ছবি।’
এই সিনেমার ভবিষ্যৎ জগৎটি অন্য আর দশটা ঝলমলে সায়েন্স ফিকশন সিনেমার মতো নয়। এখানে এমন এক রঙিন ও কিছুটা পুরনো ধাঁচের ভবিষ্যৎ দেখানো হয়েছে, যেখানে দৈনন্দিন জীবন থেকে ইন্টারনেট হাওয়া হয়ে গেছে এবং সমাজ সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে মানুষের সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে, তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ক্লারা অ্যান্ড দ্য সান’।
রাষ্ট্রপতিকে নিয়ে আমির খানের তথ্যচিত্র
আঙ্গুর চাষে প্রথম বছরেই বাজিমাত
পাথরঘাটার ওসি এনামুল হককে প্রত্যাহার