সংস্কৃতি বিষযক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও ঢাকার লালবাগস্থ গ্রন্থবিতান গ্রন্থাগারের ব্যবস্থাপনায় আজ কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান স্মরণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক জনাব মজিদ মাহমুদ, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপক কুমার দেব শর্মা এবং সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
আলোচনায় উঠে আসে সাহিত্যিক ও শিক্ষাবিদ হিসেবে সৈয়দ আলী আহসানের নানাবিধ দিক। ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেও বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে তার কর্মকাল ছিলো অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি শিক্ষা ও সাহিত্যি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আফসানা বেগমের বক্তব্যে তিনি সৈয়দ আলী আহসানের সাথে জাতীয় গ্রন্থকেন্দ্রের সূচনা ও কার্যকর থাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
উল্লেখ্য, সৈয়দ আলী আহসান রচিত গ্রন্থসমূহ নিয়ে গ্রন্থাগারের একটি পার্শ্বে চমৎকার একটি গ্রন্থপ্রদর্শনীরও ব্যবস্থা ছিলো।
আলোচনা পর্বের পর মুকুল ফৌজ পাঠাগার, সীমান্ত গ্রন্থাগার ও গ্রন্থবিতানের পাঠক শিক্ষার্থীদের উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশেনা হয়। এরপর সৈয়দ আলী আহসানকে নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন শেষে জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে সহকারী পরিচালক মো. ইনামুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।