বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি আল মুজাহিদী

আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

একুশে পদকপ্রাপ্ত কবি, বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী চিরনিদ্রায় শায়িত হয়েছেন। 

আজ শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল মুজাহিদীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কবির দীর্ঘদিনের বন্ধু, স্বজন, ভক্ত এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দুপুরে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। কবির অন্তিম ইচ্ছা অনুযায়ী সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কবির শেষ জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে প্রথম এবং রাত ১০টায় উত্তরায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি আল মুজাহিদীকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়। এছাড়া দীর্ঘ সাহিত্য জীবনে তিনি ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘শেরে বাংলা সংসদ পুরস্কার’, ‘জয়বাংলা সাহিত্য পুরস্কার’ এবং ‘বাসাসপ কাব্যরত্ন পদক’সহ বহু সম্মাননা লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত