দলীয়করণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২৬, ১০:১৫ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত দুই দশকে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে দেশের সংস্কৃতি চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সংস্কৃতি তার স্বকীয়তা নিয়ে বিকশিত হতে পারেনি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও কাঙ্ক্ষিতভাবে গড়ে ওঠেনি। 

শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মতো পরিবেশ ও কর্মসূচির অভাব রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে গণমানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও সময়োপযোগী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত