স্মার্টফোন শিল্পে এখন সবচেয়ে বড় প্রতিযোগিতার ক্ষেত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গুগল, স্যামসাংসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান যখন এআই সুবিধা বাড়াতে ব্যস্ত, তখন অ্যাপলও নিজেদের অবস্থান আরও শক্ত করতে কাজ করছে। সম্প্রতি ডব্লিউডব্লিউডিসি ২০২৬-এ নতুন প্রজন্মের সিরি ও বিভিন্ন এআইভিত্তিক প্রযুক্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের এআই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আইফোন ১৮ সিরিজে বড় ধরনের হার্ডওয়্যার পরিবর্তন আনা হতে পারে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নতুন সিরিজের সব মডেলেই ১২ জিবি র্যাম থাকতে পারে। বর্তমানে উন্নত অন-ডিভাইস এআই ফিচার চালাতে বেশি মেমোরির প্রয়োজন হয়। তাই এআই সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান প্রজন্মের অনেক আইফোনে তুলনামূলক কম র্যাম থাকায় সব ধরনের এআই সুবিধা ব্যবহার করা সম্ভব হয় না। তবে ১২ জিবি র্যাম যুক্ত হলে আরও বেশি ব্যবহারকারী উন্নত সিরি, স্মার্ট কনটেন্ট জেনারেশন, ব্যক্তিগতকৃত সহায়তা এবং জটিল কমান্ড বিশ্লেষণের মতো সুবিধা পেতে পারেন।
অবশ্য বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ উৎপাদন খরচ বৃদ্ধি এবং মেমোরি চিপের দাম বাড়ার কারণে অ্যাপল কিছু হার্ডওয়্যার পরিবর্তনের কথাও বিবেচনা করছে বলে গুঞ্জন রয়েছে। তবু এআইকেন্দ্রিক ভবিষ্যৎ বাজারে নেতৃত্ব ধরে রাখতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আপগ্রেড আনতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদি ১২ জিবি র্যামের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে আইফোন ১৮ সিরিজ অ্যাপলের এআই যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।