সংসদ অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামালের মন্তব্যের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। স্পিকার ও ডেপুটি স্পিকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা যেই টোনে বলেন-‘এটা শাহবাগ নয়’-সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন।’
আজ রবিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।
পোস্টে সারজিস লেখেন, ‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে হাসনাত আব্দুল্লাহ কিংবা আব্দুল হান্নান মাসউদ এমপির কোনো কথা আপনাদের মন মতো না হলে কিংবা সংসদীয় বিধিকে অতিক্রম করলে আপনারা যেই টোনে বলেন-‘এটা শাহবাগ নয়’-সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন।’
তিনি আরও বলেন, ‘একটা বিষয়ে খুব ভালো করে মনে রাখবেন মাননীয় স্পিকার-জনগণ ইতঃপূর্বে বিএনপির দ্বারা প্রতারিত হওয়ার কারণে ১৪, ১৮, ২৪-এর ভোট চুরির নির্বাচনের পরও আপনাদের ডাকে সাড়া দেয়নি, আপনাদের পক্ষে রাজপথে নামেনি। কারণ আপনাদের প্রতিও তাদের সেই আস্থাটা আর ছিল না। ২৮ অক্টোবরে যখন আপনারা কয়েক ঘণ্টাও রাজপথে স্থায়ী হতে পারেননি, তখন সাধারণ মানুষ ধারণা করেছিল বিএনপির সময় হয় শেষ হয়ে এলো। সর্বশেষ ২৪-এর নির্বাচনের পরে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারায় বিএনপি আর কখনো প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে ফিরতে পারবে কিনা সেই আশঙ্কাও জোরেশোরে মানুষের মনে দানা বেঁধেছিল।’
সারজিস বলেন, ‘অতঃপর ২৪-এর জুলাই এলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ চত্বর, সেখান থেকে পুরো বাংলাদেশে জুলাই ছড়িয়ে পড়লো। জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার, স্বদেশ প্রত্যাবর্তনের, এমনকি আপনাদেরকে স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার।’
এনসিপির এই নেতা বলেন, ‘কোনো কথা পছন্দ না হলে কিংবা বিধিবহির্ভূত হলে বিধি অনুযায়ী সংশোধন করবেন। জুলাইয়ের শাহবাগ কিংবা রাজপথকে মকর করে কথা বলার যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে, সেটা থেকে আগামীতে বিরত থাকবেন-এই প্রত্যাশা থাকবে। এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হওয়ার নয়, বিএনপির নীরবতার নয়, ২৪-এর এই শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় বুক বেঁধে রাজপথে নামা আপামর ছাত্র-জনতার।’