সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:২৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে যত সার কারখানা আছে তার মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো সার কারখানা আমরা সারাবছর চালাতে পারি না। বিভিন্ন সময় গ্যাস সংকটের কারণে সমস্যার সৃষ্টি হয়। আর গ্যাসের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হলো বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয়ত শিল্প কল-কারখানা এবং তৃতীয় হলো সার কারখানা।

সোমবার (২২ জুন) বিকালে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও রাষ্ট্রায়ত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ হয়ে গেছে। এ কারখানায় শুরুতে যে উৎপাদন ক্ষমতা ছিল, এখন তা অনেক কমে গেছে। কারখানাটি চালু রাখতে গ্যাসের প্রয়োজন বেশি, বিনিময়ে উৎপাদন কম হয়। তারপরও এ সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে তার জন্য কি কি পরিবর্তন আনতে হবে সে বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।

এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান,সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হকসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত