টিকে থাকার লড়াই

আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:৪৬ এএম

শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর লড়াই। ‘বি’ গ্রুপে একযোগে মাঠে নামবে বসনিয়া ও হার্জেগোভিনা-কাতার এবং কানাডা-সুইজারল্যান্ড। চার দলের সামনেই পরের পর্বে ওঠার সুযোগ আছে। তবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে সহ-আয়োজক কানাডা ও সুইজারল্যান্ড। অন্যদিকে, এটি বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতারের জন্য বাঁচা-মরার লড়াই।

দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ডের সংগ্রহ সমান চার পয়েন্ট। গোল ব্যবধানে শীর্ষে রয়েছেন জোনাথন ডেভিডরা। বসনিয়া ও কাতারের ঝুলিতে আছে একটি করে পয়েন্ট। ফলে শেষ ম্যাচে সমীকরণের জটিলতা থাকলেও কানাডা ও সুইজারল্যান্ড সুবিধাজনক অবস্থানেই আছে। সুইসদের বিপক্ষে কানাডা জয় পেলে বা ড্র করলেই গ্রুপ সেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা পাকা করবে। নকআউট পর্বে নাম লেখাতে সুইজারল্যান্ডেরও এক পয়েন্ট প্রয়োজন।

তবে কানাডার জন্য দুশ্চিন্তার নাম ইসমায়েল কোনো। কাতারের বিপক্ষে ৬-০ গোলের জয়ের ম্যাচে কাতারের আসিম মাদিবোর ভয়ংকর ট্যাকলে পা ভেঙেছে এই মিডফিল্ডারের। মাঝমাঠের প্রাণভোমরা হিসেবে পরিচিত কোনোকে ছাড়াই খেলতে হবে জেসি মার্শের দলকে। অধিনায়ক আলফোনসো ডেভিসও এখনো পুরোপুরি ফিট নন। অন্যদিকে আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড। কাতারের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসনিয়াকে ৪-১ গোলে হারায় তারা। বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসও সুইসদের পক্ষে কথা বলছে। শেষ ছয় বিশ্বকাপের মধ্যে পাঁচবার গ্রুপ পর্ব পেরিয়েছে দলটি।

এদিকে সিয়াটলে হবে বসনিয়া ও কাতারের লড়াই। দুই দলের জন্যই এটি নকআউট ম্যাচে রূপ নিয়েছে। পয়েন্ট ভাগাভাগি হলে কোনো দলেরই তেমন লাভ হবে না। পূর্ণ তিন পয়েন্ট পেলেও তাকিয়ে থাকতে হবে কানাডা-সুইজারল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। অবশ্য টুর্নামেন্টের শুরুটা ইতিবাচক ছিল দুই দলের জন্যই। বসনিয়া প্রথম ম্যাচে কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করে। কাতারও সুইসদের বিপক্ষে একই ব্যবধানে পয়েন্ট আদায় করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুই দলেরই ভরাডুবি হয়। তবে বিশ্বকাপের বর্তমান ফরম্যাট অনুযায়ী তৃতীয় স্থানে থাকা আটটি দল নকআউট পর্বে ওঠার সুযোগ পাবে। কিন্তু বসনিয়া ও কাতারের বর্তমান গোল ব্যবধান সেই দৌড়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

এর আগে বসনিয়া ও কাতার মাত্র দুবার মুখোমুখি হয়েছে। সেখানে একবার ড্র এবং একবার জিতেছে কাতার। অর্থাৎ, কাতারের বিপক্ষে এখনো কোনো জয় নেই বসনিয়ার। কানাডা-সুইজারল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে ইতিহাস সুইসদের পক্ষে। তবে বর্তমান ফর্ম ও ঘরের মাঠের সমর্থন কানাডাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বিশেষ করে কাতারের বিপক্ষে ছয় গোলের জয় তাদের মনোবল অনেক উঁচুতে নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত