কমতে পারে এলএনজি সরবরাহ, গ্যাসের স্বল্প চাপ থাকবে

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:০২ এএম

এলএনজি সরবরাহ কমে যেতে পারে এমন আভাস দিয়ে তিতাস গ্যাস বিতরণ কর্র্তৃপক্ষ আগভাগে তিন দিনের ঘাটতির কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে। যদিও এলএনজি সরবরাহ নিয়ে দুই প্রতিষ্ঠান দুই ধরনের তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে তিতাস বলছে এলএনজি (রূপান্তরিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। ২২ জুন মধ্যরাত থেকে ২৫ জুন পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

অন্যদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) চট্টগ্রাম কার্যালয়ের এক কর্মকর্তা জানান, গতকাল সোমবার দুপুর ১২টায় গ্রিডে এলএনজি থেকে এক হাজার ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। বিকেল ৪টায় যা ছিল এক  হাজার ৭৫ মিলিয়ন ঘনফুট। আগামী চার দিন তাদের গ্যাস সরবরাহের যে শিডিউল রয়েছে, সেখানে বলা আছে এক হাজার ২০ মিলিয়ন ঘনফুট করে সরবরাহ করা হবে।

বিষয়টি নিয়ে রাতে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌ. কাজী মোহাম্মদ সাইদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, আরপিজিসিএল থেকে দুপুরে চিঠি দিয়ে পেট্রোবাংলাকে জানানো হয়েছে, ২৫ জুন পর্যন্ত তারা এক হাজার মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করতে পারবে না। আজ মঙ্গলবার এলএনজি নিয়ে একটি জাহাজ আসার কথা। সেটি সময়মতো না এলে এ সরবরাহ আরও কমতে পারে। তবে কতটা কমবে তা আরপিজিসিএল জানায়নি।

প্রতিদিন চার হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় দুই হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে এক হাজার ৫০ থেকে এক হাজার ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত