মানবতাবিরোধী অপরাধ

ইনুর মামলার রায় ৩০ জুন

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:০৩ এএম

২০২৪ সালে গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণা হবে আগামী ৩০ জুন। গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর

নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এদিন ধার্য করে। গত ১৪ মে মামলাটির সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষমান।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। বর্তমানে ইনু কারাগারে বন্দি আছেন। তার নামে আরও হত্যা মামলা রয়েছে।

এ মামলায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে। নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ।

গত ২ এপ্রিল আসামিপক্ষে যুক্তিতর্কের উপস্থাপন শুরু হয়। এরপর শুনানি করে প্রসিকিউশনপক্ষ। ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশন পক্ষে আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত