সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ বিভাগে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে বাংলাদেশি চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য এই গৌরব অর্জন করেন চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক। উৎসবের সমাপনী দিনে সুপ্তকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ ও প্রযোজক মনোজ প্রামাণিক।
‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ ইংরেজি নামের এই সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাডার ফিল্মের যৌথ উদ্যোগে নির্মিত সম্পূর্ণ সাদা-কালো ধাঁচের এই চলচ্চিত্রটি মূলত পরিচালক ও প্রযোজকের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। গত ১৫ জুন উৎসবে এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে বেড়ে ওঠা তিন কিশোরীর জীবনকে কেন্দ্র করে। যারা কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখে। নারীর জীবন, বিশ্বাস ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে কাব্যিক চলচ্চিত্রভাষায় এখানে তুলে ধরা হয়েছে।
সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা ও সুমাইয়া হক। পরিচালক জানান, আন্তর্জাতিক এই স্বীকৃতি পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের। বিশ্বব্যাপী বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।