নেদারল্যান্ডসের তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং সমালোচকদের উদ্দেশে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মাঠের প্রকৃত অবস্থা ও পারফরম্যান্স না বুঝে অনেকেই ভুল ব্যাখ্যা, বিশ্লেষণ করেন, করে বসেছেন বলে মনে করেন তিনি। ডাচ ফুটবল টক-শো ‘ভান্ডাগ ইনসাইড’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ইয়ং বলেন, ‘আমার মনে হয় অনেক মানুষ আসলে ফুটবল ঠিকমতো বোঝে না। তারা শুধু খেলা দেখে, কিন্তু বোঝে না আসলে কী হচ্ছে।’ এতটুকুতেই থামেননি তিনি। সমর্থকদের উদ্দেশে আরও বলেন, ‘তাতে আমার কিছু যায় আসে না। যে কেউ মন্তব্য করতে পারে। আমার ভূমিকা খুব পরিষ্কার। তবে কিছু মানুষের জন্য সেটা বোঝানো কঠিন। মনে হয়, কোনো দিন তাদের পাশে বসে আমাকে খেলা বুঝিয়ে দিতে হবে।’
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় পায় ডাচরা। এই ম্যাচে হালকা চোটের শঙ্কা থাকা সত্ত্বেও ৫৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন ডি ইয়ং। ম্যাচে তিনি একাধিক সফল পাস দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের পা থেকে ৭ বার বল কেড়ে নিয়ে ম্যাচের অন্যান্য খেলোয়াড়ের চেয়ে বেশি অবদান রাখেন। তবু ডি ইয়ংয়ের বিরুদ্ধে সমর্থকদের অভিযোগ, তিনি তুলনামূলকভাবে বেশি ব্যাক পাস দেন এবং সতীর্থদের আক্রমণ তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখতে পারছেন না।
যদিও নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক সুইডেনের বিপক্ষে বড় জয়ের পর ডি ইয়ংয়ের প্রশংসা করে তাকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করে ডি ইয়ং বলেন, ‘এটি সমর্থকদের কাছে একটি উদাহরণ হওয়া উচিত। নেদারল্যান্ডসে খেলোয়াড়দের প্রতি আরও সম্মান ও মূল্যায়ন থাকা প্রয়োজন। পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা স্বাভাবিক, তবে অনেক সময় সীমা ছাড়িয়ে যায়।’