যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এফবিআইয়ের তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন উইলিয়াম লি স্পার্টাকাস ফকনার, যাকে গত শুক্রবার আটক করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ২৮ বছর বয়সী জর্ডান ডব্লিউ. রিঙ্কারকে রোববার গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের একজন জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের লক্ষ্য ছিল এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে যুক্তরাষ্ট্র সরকারের পতন ঘটানো সম্ভব হয়।
এর আগে ১৬ জুন বিচার বিভাগ জানিয়েছিল, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওই সময় জানানো হয়, ওহাইও, মিসৌরি, নেব্রাস্কা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সন্দেহভাজনদের আটক করা হয়।
তদন্তে বলা হয়, অভিযুক্তরা ইউএফসি ইভেন্টে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিল, যাতে ভিড়কে সরিয়ে দেওয়া যায় এবং পরে স্নাইপার ব্যবহার করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হয়।