মেসির সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা চলছে না: এমবাপ্পে 

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির গোলসংখ্যা এখন ১৮ এবং মাত্র ২৭ বছর বয়সেই ১৬ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ঠিক তার পেছনেই আছেন কিলিয়ান এমবাপ্পে। কাগজে-কলমের হিসাবে বিশ্বমঞ্চে কে-কাকে ছাড়িয়ে যাবে এই রেসে মেসি-এমবাপ্পে আছেন বেশ ভালোভাবেই। তবে আলোচনায় থাকায় এই দ্বৈরথকে সরাসরি উড়িয়ে দিলেন ফরাসি অধিনায়কএমবাপ্পে। ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমবাপ্পে সাফ জানিয়ে দিয়েছেন, মেসির রেকর্ডের দিকে তার কোনো নজর নেই এবং দুজনের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছে না।

সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে প্রশ্ন করা হয়েছিল, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য তাদের মধ্যে কোনো প্রচ্ছন্ন প্রতিযোগিতা চলছে কি না। জবাবে এমবাপ্পে অত্যন্ত পেশাদারত্বের সাথে বলেন, “আমাদের মধ্যে এমন কোনো প্রতিযোগিতা চলছে না। মেসি সবসময়ই গোল করেছে, এখনো করছে। সে কী করছে আমি সেদিকে তাকাই না। আমি যদি সেসব দেখতে যাই, তবে আমার নিজের ওপর আরও বাড়তি চাপ চলে আসবে। আমি শুধু আমার দলের দিকে মনোযোগ দিচ্ছি।” 

সর্বোচ্চ গোলদাতার খেতাবের চেয়ে দলের এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয় টেনে এমবাপ্পে বলেন,  “যখন আপনি গোল করবেন, তখন স্বাভাবিকভাবেই এই ধরণের উচ্চতার কাছাকাছি পৌঁছে যাবেন। তবে আমার কাছে গোল্ডেন বুট বা সর্বোচ্চ গোলদাতার খেতাবের চেয়ে দলের ক্রমশ উন্নতি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” 

ম্যাচে শুধু ইরাকের ডিফেন্সই নয়, ফরাসি দলকে লড়তে হয়েছে প্রকৃতির সাথেও। প্রথমার্ধের পর তীব্র ঝড়-বৃষ্টির কারণে দীর্ঘ দুই ঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। এই মানসিক ধকল নিয়ে এমবাপ্পে বলেন, “লকার রুমে টানা দুই ঘণ্টা বসে থাকতে অনেক শক্তির অপচয় হয়। তবে খেলোয়াড় ও স্টাফরা দুর্দান্ত কাজ করেছে এবং আমরা যেভাবে খেলেছি তাতে আমরা ভীষণ খুশি।” 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত