টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারি ঘাট এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের দুইজন কলেজ ছাত্রও রয়েছে।

মঙ্গলবার (২৩জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন সেন্টমার্টিন কেয়ারি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পায়রা সার্ভিস এর, যার নিবন্ধন নম্বর কক্সবাজার জ-১১-০২৩২।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা মিনিবাসটি দমদমিয়া কেয়ারি ঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, কোস্টগার্ড, বিজিবি সদস্য এবং টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহেদ নামে গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. রাসেল জানান, মিনিবাসটি দ্রুতগতিতে চলছিল। একটি বাইক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সোজা ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া বলেন, বাস দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার অভিযানে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত