নেইমারকে নিয়ে সুখবর দিতে গিয়ে আনচেলত্তির রসিকতা

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:০৩ এএম

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর— দলে ফিরেছেন নেইমার জুনিয়র। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে বেঞ্চে থাকবেন সেলেসাওদের এই পোস্টার বয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে কথা বলার সময় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন।

নেইমার কত মিনিট খেলতে পারবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান এই কোচ কিছুটা গম্ভীর মুখে কৌতুক করে বলেন, “ও খেলতে পারবে। (চাইলে) আমিও হেঁটে হেঁটে পুরো ৯০ মিনিট খেলতে পারি!”

রসিকতা বাদ দিয়ে পরে নেইমারের ফিটনেস ও দলে তার প্রভাব নিয়ে বেশ প্রশংসাই করেছেন আনচেলত্তি। তিনি বলেন, “ও এই সপ্তাহে খুব ভালো পরিশ্রম করেছে এবং অনুশীলনেও দারুণ ছন্দে ছিল। আমি ওর ওপর অত্যন্ত সন্তুষ্ট। নেইমারের মতো মানের একজন ফুটবলার দলে ফেরা মানেই তা দলের শক্তি অনেক বাড়িয়ে দেয়।”

গত ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে নেইমারের ইতিবাচক মানসিকতার প্রশংসা করে আনচেলত্তি আরও যোগ করেন, “এই দিনগুলোতে নেইমারের মনোভাব ছিল চমৎকার। ও সতীর্থদের খুব ভালো চেনে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছে। নিজের অভিজ্ঞতা এবং খেলার জ্ঞান দিয়ে ও মাঠের বাইরে থেকেও দলকে সাহায্য করছে। আমি ওকে পেয়ে সত্যি খুব খুশি।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে মনটিভিডিওতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে আর ব্রাজিলের অফিসিয়াল জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। দীর্ঘ প্রায় তিন বছর পর আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুধু সেলেসাও জার্সিতেই ফিরছেন না, বরং ক্যারিয়ারে প্রথমবারের মতো কোচ কার্লো আনচেলত্তির অধীনে খেলার স্বাদ পেতে যাচ্ছেন এই নাম্বার টেন। অবশ‍্য শুরু থেকে নয়, আজ ম‍্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেইমারের মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত