তেলের দাম কমলেও স্বস্তি নেই ভোক্তাদের, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম সেভাবে কমছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, তেল কোম্পানিগুলো অপরিশোধিত তেল কিনছে অনেক কম দামে, অথচ সাধারণ মানুষের কাছে জ্বালানি তেলের দাম সেই অনুপাতে কমানো হচ্ছে না। তিনি বলেন, ‌‘আমি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছি বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করতে। আমি যে হারে তেলের দাম কমতে দেখছি, তার চেয়ে অনেক দ্রুত গতিতে দাম কমা উচিত।’

মূল্যবৃদ্ধির পেছনে কোম্পানিগুলোর কোনো গোপন কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখতেই ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের অবসান ঘটলে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে পেট্রোলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম কিছুটা কমলেও, বিশ্লেষকদের মতে, খুচরা পর্যায়ে তেলের দাম যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসতে কয়েক মাস সময় লাগতে পারে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত