মাদারীপুরে পারিবারিক বিরোধে সংঘবদ্ধ হামলা, আহত ১

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি গ্রামে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার ঘটনায় জামাল তালুকদার (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত জামাল তালুকদার খামারবাড়ি গ্রামের সৈয়দ আলী তালুকদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র ও আহতের স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে জামাল তালুকদারের ভাই কামাল হোসেনের স্ত্রী সেলিনা বেগমকে তালাক দেওয়া হয়। পরে সেলিনা বেগম আদালতে মামলা দায়ের করলে কামাল হোসেন গ্রেপ্তার হন এবং এক মাস আগে জামিনে মুক্তি পান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

অভিযোগ রয়েছে, বুধবার সকালে জামাল তালুকদার অটোরিকশাযোগে এক আত্মীয়কে দেখতে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় কামাল তালুকদার, জুলহাস তালুকদার, আশরাফ মোল্লা, আইয়ুব আলী তালুকদারসহ আরও ৫ থেকে ৭ জন তাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র (ছেনদা) দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত