পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বিজিএমইএর বৈঠক

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:২৪ এএম

তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন শিল্প প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তৈরি পোশাক ও টেকসই বস্ত্র খাতের বাস্তবতার সঙ্গে পরিবেশগত কমপ্লায়েন্সের সামঞ্জস্য বিধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ প্রতিনিধি দলে বিটিএমইএ এর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলা এবং কিংসলে এর সিইও মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে পোশাক শিল্পের নেতারা টেকসই পরিবেশ নিশ্চিতকরণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বেশ কিছু নিয়মতান্ত্রিক জটিলতা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’ এর প্রযুক্তি গত চ্যালেঞ্জসমূহ। প্রতিনিধি দল উল্লেখ করে যে, বর্তমান ইটিপি কালার প্যারামিটারগুলো বিদ্যমান অবকাঠামো দিয়ে অর্জন করা প্রযুক্তি গতভাবে অত্যন্ত কঠিন। তাই তারা একটি বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক মানদ- নির্ধারণের অনুরোধ জানান।

জিরো লিকুইড ডিসচার্জ (জেডআইডি) বাস্তবায়নের বিষয়ে বিজিএমইএ প্রতিনিধি দল পরিবেশগত ছাড়পত্র নবায়নের ক্ষেত্রে বর্তমানের বাধ্যতামূলক অঙ্গীকারনামার পরিবর্তে একটি পর্যায়ক্রমিক ও পারফরম্যান্স-ভিত্তিক রোডম্যাপের প্রস্তাব করে। একই সঙ্গে তারা পানি সাশ্রয় ও পুনর্ব্যবহারের জন্য সুনির্দিষ্ট টেকসই নির্দেশিকা তৈরি, জেডএলডি যন্ত্রপাতির ওপর ভ্যাট/শুল্ক ছাড়ের মতো আর্থিক প্রণোদনা এবং বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের অধীনে একটি বিশেষায়িত  ‘জেডএলডি-উইন্ডো’ চালুর দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত