বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন তুলা ও ম্যান-মেড ফাইবার ব্যবহৃত পোশাক দেশটিতে রপ্তানিতে শুল্কমুক্ত বাজারসুবিধা বাস্তাবায়নের আহ্বান জানায় সংস্থাটি। গতকাল বুধবার বিটিএমএর গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ-পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা জোরদারে সংস্থাটির অবদান তুলে ধরেন।
সভায় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির ধারা ৫.৩-এর দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এই ধারার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও ম্যান-মেড ফাইবার ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ রয়েছে। এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার জন্য মার্কিন পক্ষের সহযোগিতা কামনা করে বিটিএমএ। সংগঠনটির মতে, শুল্কমুক্ত সুবিধা কার্যকর হলে বাংলাদেশি রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে অধিক প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবে এবং একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলা ও ম্যান-মেড ফাইবার রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ’র পরিচালক চৌধুরী মো. হানিফ সোয়েব, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, মির্জা আহমেদ ইস্পাহানী এবং রুবায়েত হায়দার। মার্কিন প্রতিনিধি দলের মধ্যে দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, অ্যাগ্রিকালাচাল অ্যাটাচে এরিন কভার্ট এবং পলিটিকাল-ইকোনমিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।