সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে মাঠে গড়ায় ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এই টুর্নামেন্ট দিয়েই নতুন মৌসুমের ক্রিকেট ক্যালেন্ডার শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে এবার নানা কারণে তৃতীয় বিভাগ দিয়েই শেষ হচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেট মৌসুম। আজ শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এ উপলক্ষে গতকাল মিরপুরে ২০টি দলের প্রতিনিধিদের অংশগ্রহণে ট্রফি উন্মোচন করা হয়।
বর্ষা মৌসুমে খেলা হলেও কোনো রিজার্ভ ডে রাখেনি আয়োজকরা। সময়স্বল্পতার কারণে সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবারের আসর। যেখানে আলাদা কোনো রেলিগেশন লিগ থাকবে না। পয়েন্ট তালিকার তলানির দুই দল সরাসরি অবনমিত হবে। তবে নতুনত্ব হিসেবে থাকছে ফাইনাল ম্যাচ। প্রথমবারের মতো তৃতীয় বিভাগ লিগে দুই গ্রুপের শীর্ষ দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। প্রতি গ্রুপে থাকবে ১০টি করে দল। প্রতিদিন পাঁচটি ভিন্ন ভেন্যুতে মাঠে নামবে দলগুলো। অর্থাৎ দুই দিনে একটি রাউন্ডের খেলা শেষ হবে। এরপর থাকবে এক দিনের বিরতি। সিসিডিএম সূত্রে জানা গেছে, এবার অংশগ্রহণকারী দলগুলোর অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। আগের আসরে প্রতিটি দল সাড়ে ৫ লাখ টাকা করে অনুদান পেয়েছিল। এবার সেই পরিমাণ ২ লাখ টাকা বেড়ে হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। এ ছাড়া আগের মতোই জার্সি প্রস্তুতের জন্য অতিরিক্ত ১ লাখ টাকা করে পাবে দলগুলো।