রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কৃত চারজন হলেন জামায়াতের রোকন শফিকুল ইসলাম, কর্মী খায়রুল আলম রাসেল ও আবুল কালাম এবং সমর্থক মামুন হোসেন।
গত মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ধানমন্ডি এলাকায় জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। হামলায় আহত হন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এ ছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর জামায়াতের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়। পরে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।